লৌহজং প্রতিনিধ-মোঃ স্বপন বেপারী
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় সাদিয়া আক্তার (১৯) নামে এক সন্তানের মায়ের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—ময়নাতদন্ত প্রতিবেদন পেলে স্পষ্ট হবে।
জানা গেছে, বুধবার (৯ জুলাই) সকালে উপজেলার বেজগাঁও ইউনিয়নের কলিকাতা ভোগদিয়া গ্রামের নিজ শ্বশুরবাড়ি থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের ফয়সাল শেখ (২২) এর স্ত্রী এবং দুই বছরের এক পুত্রসন্তানের জননী।
স্বামী ফয়সাল শেখ দাবি করেন, “গতকাল রাতে সাদিয়া আমাদের ছেলেকে নিয়ে আগে ঘুমিয়ে পড়ে। আমি পরে ঘুমাই। সকালে ঘুম ভাঙার পর দেখি সে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। তখনই তাকে নামিয়ে কথা বলার চেষ্টা করি। পরে থানা পুলিশ এবং শ্বশুরবাড়ির লোকজন ঘটনাস্থলে আসে।”
তিনি আরও বলেন, “আমার স্ত্রী রাগী স্বভাবের ছিল। প্রায় সময় দেরিতে বাড়ি ফিরলে ঝগড়া করত। তবে সে যে এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারে, তা কখনো কল্পনাও করিনি।”
অপরদিকে, নিহত সাদিয়ার বাবা শাহীন শেখ বলেন, “আমি বিষয়টি সম্পূর্ণভাবে লৌহজং থানা পুলিশের ওপর ছেড়ে দিয়েছি। ময়নাতদন্তের রিপোর্টে যদি কোনো অপরাধ প্রমাণিত হয়, তবে অবশ্যই দোষীদের বিচার দাবি করবো। তবে এখন কাউকে দোষারোপ করছি না।”
স্থানীয় সূত্রে জানা যায়, সাদিয়া ও ফয়সালের মধ্যে গত কয়েক বছরে দাম্পত্য কলহ ছিল। কয়েক দফা স্থানীয়ভাবে সালিশও হয়েছিল। তবে সম্প্রতি তাদের সম্পর্ক স্বাভাবিক বলেই স্থানীয়দের মন্তব্য।
লৌহজং থানার এসআই রাজীব সরকার জানান, “মহিলা পুলিশ সদস্যের মাধ্যমে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে জেলা মর্গে পাঠানো হয়েছে।”
থানার তদন্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”
নিহত সাদিয়া আক্তার লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের বংখিরা গ্রামের শাহীন শেখ ও ইমন বেগমের মেয়ে। তার স্বামী ফয়সাল শেখ কলিকাতা ভোগদিয়া গ্রামের মৃত ইমানু শেখ ও মৃত আমেনা বেগমের একমাত্র সন্তান। তাঁদের ঘরে রয়েছে দু’বছরের এক ছেলে সন্তান।
লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply