রাসেল রানা, প্রতিনিধি , বাঙলা কলেজ
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদ মিয়া ওরফে সোহাগকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় বইছে। এই নির্মম হত্যার তীব্র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাঙলা কলেজ ছাত্রদল।
শনিবার (১২ জুলাই) দুপুরে কলেজের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের সামনে সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

সমাবেশে বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান বলেন, “সোহাগ ভাই জীবনের বিনিময়ে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, দেশে সন্ত্রাস ও চাঁদাবাজির রাজত্ব কতটা ভয়াবহ। আমরা সুষ্ঠু তদন্ত ও দ্রুততম সময়ের মধ্যে খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। নইলে ছাত্রসমাজ কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে।”
ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ বলেন, “আজ দেশে যারা সত্য কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের নির্মম পরিণতি হচ্ছে সোহাগ ভাইয়ের মতো হত্যা। আমরা এই হত্যা ও চাঁদাবাজির রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে বদ্ধপরিকর। ছাত্রদল কখনও অন্যায়ের সঙ্গে আপস করবে না।”
নেতারা আরও অভিযোগ করেন, সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী—কেউই আজ নিরাপদ নয়। সরকারের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসীরা বেপরোয়াভাবে চাঁদাবাজি ও হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। বক্তারা অবিলম্বে সোহাগ হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিতের জোর দাবি জানান।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply